প্রকাশিত: Sun, Dec 24, 2023 9:04 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:22 PM

[১]ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় ১ জানুয়ারি

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত রোববার এ দিন ধার্য্য করেন। 

[৩] এদিন বেলা সোয়া ১১ টায় ড. মুহাম্মদ ইউনূস তার আইনজীবীসহ আদালতে উপস্থিত হন। বেলা সাড়ে ১১টায় দিকে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। শেষ হয় রাত আটটার কিছু পর। 

[৪] এর আগে গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। 

[৫] গত ৬ ডিসেম্বর, এ মামলায় ২৩ ডিসেম্বর পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। ওইদিন ড. ইউনূস ৭ম বারের মতো আদালতে হাজির হন। ওইদিন আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

[৬] ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার ৩য় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী, সালেহ্ বিপ্লব